৮ ডিসেম্বর দেশ জোড়া বনধের ডাক দিলো বিক্ষোভরত কৃষকরা - The News Lion

৮ ডিসেম্বর দেশ জোড়া বনধের ডাক দিলো বিক্ষোভরত কৃষকরা




দি নিউজ লায়ন ;   কেন্দ্রীয় সরকারের কৃষি  আইন বাতিল করার  দাবিতে অনড় অল ইন্ডিয়া কিষান  সংঘর্ষ সমিতি  এবার ৮ ডিসেম্বর দেশ জোড়া বনধের ডাক দিলো। বিক্ষোভে অংশ নেওয়া  লক্ষ লক্ষ কৃষকদের যৌথ মঞ্চ অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ সমিতির হুঁশিয়ারি এবার দিল্লি ঢোকার সব পথ অবরুদ্ধ করা হবে।     ইতিমধ্যেই হরিয়ানা ও উত্তরপ্রদেশের সঙ্গে দিল্লির প্রবেশ পথ বন্ধ। বাকি পথগুলি বন্ধ করা হলে সড়কপথে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হতে পারে রাজধানী।  


 দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ। গোটা দেশেই এই কৃষি বিক্ষোভ ছড়িয়ে পড়ছে।  আন্দোলনকারী কৃষকদের যৌথ মঞ্চের নেতৃত্বে আছে সিপিআইএমের শাখা সংগঠন সারা ভারত কৃষকসভা। সংগঠনের যুগ্ম সম্পাদক তথা উলুবেড়িয়ার প্রাক্তন বাম সাংসদ হান্নান মোল্লার বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, তিনি সরকারের আইনের বিরুদ্ধে উসকানি দিয়েছেন। নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়। 


হান্নান মোল্লা জানান, সরকার ভয় পেয়েছে। কোনও অবস্থায় এই কৃষক আন্দোলন থেকে বাকি সংগঠনগুলি সরবে না।  এদিকে হান্নান মোল্লার বিরুদ্ধে এফআইআর দায়েরের খবর ছড়িয়ে পড়তেই দিল্লির কাছে অবস্থানরত লক্ষ লক্ষ কৃষক ক্ষোভে ফেটে পড়েন। গত এক সপ্তাহের বেশি প্রায় ১২ লক্ষ কৃষক দিল্লির উপকণ্ঠ অবরুদ্ধ করে রয়েছেন। কৃষক সংগঠনগুলির দাবি, সরকারের নতুন কৃষি আইন মারাত্মক বিপদ আনতে চলেছে। দেশের কৃষিজ ক্ষেত্রকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চাইছে বিজেপি তথা এনডিএ সরকার।     


 কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে কৃষক প্রতিনিধিদের বারবার বৈঠক ব্যর্থ হয়। এর পরেই আন্দোলনরত কৃষকরা সরকারকে ঘিরে রাখার হুমকি দেন।   আন্দোলনকারীদের দাবি, পুরো আইনটি বাতিল করতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.